এইচএসসি আইসিটি শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি: সম্মাননা পেলেন প্রভাষক শাহানূর আলম

কয়রা খুলনা প্রতিনিধিঃ
আইসিটি শিক্ষায় দীর্ঘদিনের নিষ্ঠা, সাফল্য এবং শিক্ষার্থীদের ধারাবাহিক ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পুরস্কারে ভূষিত হয়েছেন স্মৃতি আইসিটি ব্যাচের পরিচালক ও কয়রা শাকবাড়ীয়া স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শাহানূর আলম।
জানা গেছে, ২০১৭ সালের ১৫ আগস্ট স্মৃতি আইসিটি ব্যাচের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর খুলনার কয়রা উপজেলার শত শত শিক্ষার্থী এই ব্যাচে আইসিটি বিষয়ে পাঠ গ্রহণ করে উচ্চশিক্ষার পথে এগিয়ে যাচ্ছে। দক্ষ পাঠদান ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন প্রতিষ্ঠানটির পরিচালক প্রভাষক শাহানূর আলম।
স্মৃতি আইসিটি ব্যাচের অন্যতম বড় অর্জন ছিল ২০২৩ সালের এইচএসসি পাবলিক পরীক্ষায়। ওই বছর কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনিক রায় আইসিটি বিষয়ে ১০০ নম্বরের মধ্যে পূর্ণ ১০০ নম্বর অর্জন করে অনন্য কৃতিত্ব দেখায়। এছাড়া শান্ত, বৃষ্টিসহ আরও অনেক শিক্ষার্থী আইসিটি বিষয়ে ৯৯ নম্বর পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করে।
এই ধারাবাহিক সাফল্য এবং এইচএসসি আইসিটি বিষয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ স্মৃতি আইসিটি ব্যাচের পরিচালক প্রভাষক শাহানূর আলমকে সম্মাননা পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করে স্কলার্স ও নিউরন ভার্সিটি কোচিং সেন্টার।
সম্মাননা প্রাপ্তির পর শাহানূর আলম বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে। শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে ভবিষ্যতেও সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।”
শিক্ষার্থী ও অভিভাবকদের মতে, স্মৃতি আইসিটি ব্যাচের ধারাবাহিক সাফল্যের পেছনে প্রভাষক শাহানূর আলমের আন্তরিকতা, পরিশ্রম এবং আধুনিক শিক্ষাদান পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই সম্মাননা আইসিটি শিক্ষার ক্ষেত্রে তাঁর অবদানের একটি গৌরবময় স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।



Post Comment