রাসেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
রাজশাহীর মোহনপুরে যুবদের কারিগরি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে পরিচালিত ASSET প্রকল্পের বিশেষ ব্যাচ-০১ ও ৮ম সাইকেলের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ জুন) মোহনপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা সুলতানা, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান এবং থানার কর্মকর্তা মোদ্দাছের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর টিটিসির অধ্যক্ষ মো. গোলাম রাব্বানী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. সাখাওয়াত হোসেন ও আবু সুফিয়ান। অনুষ্ঠান সঞ্চালনা ও বক্তব্য উপস্থাপনায় ছিলেন সাইফুদ্দীন শেখ ও বিউটি খাতুন।
বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই। সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম এবং ASSET প্রকল্পের মাধ্যমে যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হচ্ছে, যা কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা প্রশিক্ষণার্থীদের সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় অভিনন্দন জানান এবং অর্জিত দক্ষতাকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), মোহনপুর, রাজশাহী-এর আয়োজনে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।